জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া টলিউডে। রবিবার ওড়িশার তালসারি বিচে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় তাঁর। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরও টলিপাড়ায় শুটিংয়ের চেনা নির্ঘণ্টে কোনও বদল না আসায় ক্ষোভ উগরে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে বর্তমানে তোলপাড় স্টুডিও পাড়া।
সুদীপ্তা তাঁর দীর্ঘ ও আবেগঘন পোস্টে টলিউডের তথাকথিত ‘এক পরিবার’ তকমাটিকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সরকারি অনুষ্ঠানে ভিড় বাড়াতে যেখানে নিমেষে শুটিং বন্ধ করা যায়, সেখানে এক সহকর্মীর শেষযাত্রার জন্য কেন আধ ঘণ্টা সময় বরাদ্দ করা গেল না? তাঁর অভিযোগ, সহকর্মীকে শেষ দেখা দেখতে যাওয়ার অনুরোধ করলেই প্রযোজকদের ‘এপিসোড ব্যাঙ্কিং’ বা ‘ক্ষতির আশঙ্কা’ মাথাচাড়া দিয়ে ওঠে।
সুদীপ্তার আক্ষেপ, একজন রিকশাচালক বা সবজি বিক্রেতার ইউনিয়নও সহকর্মীর মৃত্যুতে কাজ বন্ধ রাখে, কিন্তু শিল্পীদের ক্ষেত্রে সেই নূন্যতম সৌজন্যটুকুও নেই। তিনি সহকর্মীদের সতর্ক করে লিখেছেন, প্রতিবাদ করলেই এখানে ‘ব্যান’ হওয়ার ভয় বা কাজ হারানোর আতঙ্ক তাড়া করে। তাঁর ভাষায়, “মনে রেখো তোমার পিছনেই লাইনে দাঁড়িয়ে আছে আরও অনেক শিল্পী, তোমাকে ‘replace’ করার জন্য।” টলিউডের এই ব্যবস্থাকে ‘লাটাই-ঘুড়ি’র খেলার সঙ্গে তুলনা করেছেন তিনি। রাহুল অরুণোদয়ের এই অকাল মৃত্যু শোকের পাশাপাশি টলিপাড়ার অন্দরের রূঢ় বাস্তবকেও কাঠগড়ায় দাঁড় করাল।





