এগরায় তৃণমূলের দুর্গে বড় ধস! শুভেন্দুর হাত ধরে বিজেপিতে নামী ব্যবসায়ীসহ ২৫ পরিবার

নির্বাচনী পারদ চড়তেই এগরায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিল বিজেপি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আশীষ ধাওয়া। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে আরও ২৫টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন। দলবদলুদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী।

এদিন জনসভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপি রাজ্যে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। সরকারি জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের সমর্থন চান। অন্যদিকে, বর্তমান বিধায়কের কাজের সমালোচনায় মুখর হন বিজেপি প্রার্থী দিব্যেন্দু। তিনি অভিযোগ করেন, এলাকায় কোনো উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ। এদিনের এই যোগদান মেগা শো এগরার মাটিতে শাসকদলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।