‘ট্রাম্পের ভয়ে কাঁপছেন মোদী!’ আদিবাসী সম্মেলন থেকে বিস্ফোরক রাহুল গান্ধী

নিজের খাসতালুক গুজরাটে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার ভাদোদরায় আয়োজিত ‘আদিবাসী সংবিধান অধিকার সম্মেলন’-এ যোগ দিতে এসে রাহুল অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী এখন সম্পূর্ণভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে। রাহুলের দাবি, আমেরিকার চাপের মুখে নতিস্বীকার করে মোদী ভারতের কৃষি ও জ্বালানি নিরাপত্তা বিসর্জন দিচ্ছেন।

রাহুল গান্ধী সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী মুখে দেশপ্রেমের কথা বলেন, কিন্তু বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনেই তিনি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন। ট্রাম্পের ভয়ে তিনি আজ থরহরি কম্পমান। ভারত একটি স্বাধীন দেশ, কিন্তু প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন তিনি আমেরিকার দয়ায় চলছেন।” রাহুল আরও যোগ করেন যে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতীয় কৃষকদের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে এবং দেশের বাজার বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে।

আদিবাসী সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি রাহুল মনে করিয়ে দেন যে, ভারত কারোর সামনে মাথা নত করার দেশ নয়। তিনি বলেন, “ইন্দিরা গান্ধী আমেরিকার সপ্তম নৌবহরের রক্তচক্ষু উপেক্ষা করেছিলেন, আর আজ নরেন্দ্র মোদী ট্রাম্পের চাপের মুখে আত্মসমর্পণ করছেন। দেশের তথ্য, খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি আজ বিপন্ন।” গুজরাটের এই সভা থেকে রাহুলের এই ‘আক্রমণাত্মক’ মেজাজ আসন্ন স্থানীয় নির্বাচন ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy