টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। গত ১৪ মার্চ মুসৌরির পাহাড়ের কোলে নিজের বাল্যকালের প্রেমিকা বংশিকা চড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। কানপুরের বাসিন্দা কুলদীপ ও বংশিকার এই প্রেমের গল্প দীর্ঘদিনের। অবশেষে তাদের রূপকথার মতো প্রেম পূর্ণতা পেল।
কুলদীপের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্ররা। রিঙ্কু সিংহ, তিলক বর্মা, পীযূষ চাওলা এবং কুল-চা জুটির সঙ্গী যুজবেন্দ্র চাহালকে অনুষ্ঠানে জমিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে চাহালের নাচের ভিডিও। এছাড়া নবদম্পতিকে আশীর্বাদ করতে মুসৌরিতে হাজির হয়েছিলেন বাগেশ্বর বাবা। তিনি ভগবান বালাজির পবিত্র উত্তরীয় ও ছবি উপহার দিয়ে কুলদীপ ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রাথমিকভাবে গত বছর নভেম্বরে বিয়ের পরিকল্পনা থাকলেও বিশ্বকাপের দিকে পূর্ণ মনোযোগ দিতেই তারিখ পিছিয়েছিলেন কুলদীপ। বর্তমানে বিশ্বজয়ের পর অবসরের মুহূর্তেই বিয়ে সম্পন্ন করলেন তিনি। আগামীকাল, মঙ্গলবার লখনউয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা ক্রিকেটার। এর পরেই কুলদীপ দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়ে আইপিএল প্রস্তুতির কাজে মন দেবেন।