‘তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে!’ বিহারের মাটি থেকে বঙ্গে গেরুয়া ঝড়ের ডাক গিরিরাজ সিংয়ের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই চড়ছে রাজনীতির পারদ। এবার পড়শি রাজ্য বিহারের রক্সৌল থেকে বাংলার শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তাঁর সাফ কথা, “তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, বঙ্গে এবার গেরুয়া ঝড় অনিবার্য।”

‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ:
গিরিরাজ সিংয়ের দাবি, পশ্চিমবঙ্গে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের কোনো অস্তিত্ব নেই। তাঁর মতে, রাজ্যে জোটের শরিকরা চার ভাগে বিভক্ত। নীতি ও ঐক্যের অভাবের কারণে এই বিভাজনের সুবিধা সরাসরি বিজেপি পাবে বলে তিনি মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ এবার বিজেপিকেই বিকল্প হিসেবে বেছে নেবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।

সীমান্ত নিরাপত্তা ও তোষণের রাজনীতি:
বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন গিরিরাজ। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। সীমান্ত সংলগ্ন এলাকায় মাদ্রাসা ও মসজিদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, ওপার বাংলার কট্টরপন্থী উগ্র ইসলামি সংগঠন ‘জামাত-ই-ইসলামি’-র প্রভাব এই এলাকায় বাড়ছে। এমনকি বাংলাদেশের ভোটে জামাতের সাফল্যের নেপথ্যে পশ্চিমবঙ্গের যোগ রয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি করেন তিনি। ১৯৪৬ সালের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-র প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে, একমাত্র বিজেপি সরকার গড়লেই রাজ্যে আইনের শাসন ফিরবে।