‘খাপ খাওয়াতে পারছি না’, ইস্তফা দিয়ে বোমা ফাটালেন প্রাক্তন SFI সভাপতি! এবার কি তবে ঘাসফুলে?

বাংলার রাজনীতিতে আবার নতুন গুঞ্জন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি তথা সিপিএমের দাপুটে তরুণ নেতা প্রতীক-উর রহমান। দীর্ঘদিন কঠোর দলীয় শৃঙ্খলায় থাকার পর অবশেষে বিচ্ছেদের সুর শোনা গেল তাঁর গলায়। সোমবারই প্রকাশ্যে এসেছে রাজ্য নেতৃত্বকে লেখা তাঁর ইস্তফাপত্র, যেখানে তিনি স্পষ্ট স্বীকার করেছেন— “আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না।”

প্রতীক-উরের এই পদত্যাগ বাম শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, দলের অভ্যন্তরে লবিবাজি এবং ব্যক্তিগত মত প্রকাশের অভাব নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে মহম্মদ সেলিম ও বর্তমান নেতৃত্বের কিছু সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেছেন তিনি। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের হয়ে লড়াই করা এই নেতার তৃণমূলে যোগ দেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগ ও নির্বাচনী জল্পনা:
সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রতীক-উর তৃণমূলে যোগ দিতে পারেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই তাঁকে প্রার্থী করার সম্ভাবনা প্রবল। বিশেষ করে ডায়মণ্ড হারবার বিধানসভা কেন্দ্রেই তাঁর নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করে তিনি তৃণমূলের পথে হাঁটার স্পষ্ট ইঙ্গিতও দিয়ে রেখেছেন। আলিমুদ্দিনের তরফে বিমান বসু তাঁকে ফোন করে মানভঞ্জনের চেষ্টা করলেও, প্রতীক এখনই দেখা করতে রাজি হননি। ফলে ভাঙন যে অনিবার্য, তা বলাই বাহুল্য।