লাইন বদলাতেই বিকট শব্দ! অসমের দিগারুতে বেলাইন এসি বগি, আহত বহু যাত্রী

বুধবার একেবারে সাতসকালে এক বড়সড় ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল অসম। কামরূপ মেট্রোপলিটন জেলার দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল ১৩১২৬ নম্বরের সাইরাং এক্সপ্রেস। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন-সহ মোট সাতটি কামরা লাইন থেকে বেরিয়ে যায়। যার মধ্যে অধিকাংশ কামড়াই ছিল এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত। এই আকস্মিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন বলে খবর মিলেছে। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কীভাবে ঘটে এই বিপত্তি?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনটি যখন লাইন পরিবর্তন করছিল, ঠিক সেই মুহূর্তেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার সময় আচমকা একটি বিকট শব্দ শুনতে পান বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। রেলের মুখোমুখি পয়েন্টে (ফেসিং পয়েন্ট) কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বেলাইন হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি।
উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে মারাত্মক প্রভাব
এই দুর্ঘটনার জেরে গুয়াহাটি-লামডিং সেকশনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। রেললাইনের দুটি লাইনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ব অসম, বরাক উপত্যকা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার সঙ্গে ভারতের মূল রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই রেলের উচ্চপর্যায়ের উদ্ধারকারী দল এবং চিকিৎসকদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেল কর্তৃপক্ষের তরফে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।