চিকিৎসায় এল বৈপ্লবিক বদল! ডাক্তার ডাকার আগেই রোগ ধরবে AI, সঙ্গীতা রেড্ডির মুখে নতুন দিশা

সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন নতুন নতুন রোগ হানা দিচ্ছে, ঠিক তেমনই চিকিৎসাবিজ্ঞানেও ঘটছে অভাবনীয় বিপ্লব। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় চিকিৎসার ধরন আমূল বদলে গেলেও, শেষ কথা বলে ‘রোগী সুরক্ষা’। সম্প্রতি নিউজ ৯ এবং অ্যাপোলো হসপিটাল আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হেলথ ডায়ালগ ২০২৬’-এর ১৩তম সংস্করণে এই প্রসঙ্গটিই তুলে ধরলেন অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডঃ সঙ্গীতা রেড্ডি।
ডঃ রেড্ডি জানান, বর্তমান চিকিৎসা ব্যবস্থায় রোগী সুরক্ষার বিষয়টি শুধুমাত্র বেড বা ওষুধের মধ্যে সীমাবদ্ধ নেই। পরামর্শ থেকে টেলিমেডিসিন—প্রতিটি স্তরেই দায়বদ্ধতা প্রয়োজন। তাঁর মতে, সরকার থেকে হাসপাতালের সাফাই কর্মী, প্রত্যেকের সম্মিলিত চেষ্টাই পারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে। এই নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিকাঠামোর আধুনিকীকরণ এবং কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি।
প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করতে গিয়ে ডঃ রেড্ডি এক চমকপ্রদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ডিজিটাল হেলথের যুগে এখন ল্যাবরেটরি অ্যানালিটিক্স সরাসরি চিকিৎসকদের স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে রোগীর রিপোর্ট আসার সাথে সাথে চিকিৎসক তা জানতে পারছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার চিকিৎসাকে আরও দ্রুতগামী করেছে। ডঃ রেড্ডি উদাহরণ দিয়ে বলেন, “একজন রোগীর সিটি স্ক্যান করে রিপোর্ট তৈরি করতে যতটা সময় লাগে, AI তার চেয়েও দ্রুত সম্পূর্ণ অ্যানালাইসিস করে পরামর্শ দিতে সক্ষম।” এই ডিজিটাল বিপ্লব মূলত রোগীদের জীবন বাঁচাতে এবং সময় সাশ্রয় করতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।