ভোটের আগেই ঝাড়াই-বাছাই! পুলিশ মহলে বিরাট রদবদল, কড়া নির্দেশ কমিশনের

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। ভোটকে মাথায় রেখে এবার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুলিশের বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে কড়া চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত পুলিশ আধিকারিকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন কোনো ঝুঁকি নিতে নারাজ। সেই কারণেই বদলি প্রক্রিয়া শেষ করার জন্য একটি নির্দিষ্ট ‘ডেডলাইন’ বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে স্বরাষ্ট্র সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে, বদলি প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুত জাতীয় নির্বাচন কমিশনকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা পালনের রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসের শেষ দিকেই রাজ্যে আসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই শুক্রবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে ও অন্যান্য শীর্ষকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, ওই বৈঠকে বিভিন্ন জেলার এসপি ও পুলিশ কমিশনারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দেন। কমিশন আসার আগেই সমস্ত প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য পুলিশ ও নির্বাচন দফতর।