রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ের নেহরু সেন্টারে আয়োজিত হলো বিশেষ বক্তৃতা মালা— ‘সংঘ যাত্রা: ১০০ বছর— নিউ হরাইজনস’। দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম দিনেই নজর কাড়লেন বলিউডের মেগাস্টার সলমন খান। শুধু সলমনই নন, অনুষ্ঠানে রণবীর কাপুর, হেমা মালিনী এবং সুভাষ ঘাইয়ের মতো তারকাদের উপস্থিতিতে আসর যেন চাঁদের হাটে পরিণত হয়।
মোহন ভাগবতের কণ্ঠে সলমন-স্তুতি: মঞ্চে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত যখন আরএসএস-এর আদর্শ ও দেশভক্তি নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন সামনের সারিতে বসে মন দিয়ে তা শুনছিলেন সলমন খান। নিজের বক্তৃতায় সলমনের জনপ্রিয়তার প্রশংসা করে ভাগবত বলেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন কপি করে। কেন করে তা হয়তো তারা জানে না, কিন্তু সলমন করছেন বলেই তারা সেটা করে। সমাজের ভালো মূল্যবোধগুলো এভাবেই ফ্যাশনে পরিণত হওয়া উচিত।” সলমনের পাশেই বসে থাকতে দেখা যায় গীতিকার প্রসূন জোশী এবং পরিচালক সুভাষ ঘাইকে।
তারকাদের সমাগম: প্রথম দিনে রণবীর কাপুরকে দেখা যায় তাঁর আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে। দ্বিতীয় দিনে অক্ষয় কুমার, ভিকি কৌশল, করণ জোহর এবং অনন্যা পাণ্ডেও অনুষ্ঠানে যোগ দেন। সঙ্ঘ প্রধান স্পষ্ট জানান, আরএসএস কোনো রাজনৈতিক দল বা আধাসামরিক বাহিনী নয়; এটি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে এবং কোনো গোষ্ঠীর বিরোধিতা করে না।