গাজিয়াবাদে তিন বোনের ‘মরণঝাঁপ’! ৯ তলা থেকে লাফ দেওয়ার আগে ডায়েরিতে কী লিখে গেল নাবালিকারা?

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন নাবালিকা বোনের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় শিউরে উঠছে দেশ। ভারত সিটি টাউনশিপের নবম তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। পুলিশি তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর অনলাইন গেম আসক্তির তথ্য। জানা গিয়েছে, তিন বোনই একটি কোরিয়ান টাস্ক-ভিত্তিক গেমের প্রতি তীব্রভাবে আসক্ত ছিল, যা কোভিড চলাকালীন শুরু হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আট পাতার একটি সুইসাইড নোট এবং একটি পকেট ডায়েরি। হিংলিশ ভাষায় লেখা সেই বার্তায় বারবার বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছে তারা। ডায়েরির পাতায় বড় একটি কান্নার ইমোজি এঁকে লেখা ছিল— “আই অ্যাম রিয়েলি সরি বাবা…”। শুধু তাই নয়, ঘরের দেওয়ালে লেখা ছিল আরও এক যন্ত্রণার কথা— “আমি খুব, খুব একা।” প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেজ বোন প্রাচীই এই আত্মঘাতী টাস্কের নেতৃত্ব দিচ্ছিল। এমনকি নিজেদের কোরিয়ান নামও রেখেছিল তারা।
বিগত দুই বছর স্কুলে না যাওয়া এই তিন কিশোরীর মোবাইল ব্যবহারে সম্প্রতি বিধিনিষেধ আরোপ করেছিলেন অভিভাবকরা। সম্ভবত সেই ক্ষোভ এবং গেমের ‘শেষ টাস্ক’ পূরণ করতেই বুধবার ভোরে এই সিদ্ধান্ত। শোকার্ত বাবা চেতন কুমার আর্তনাদ করে বলছেন, “ভিডিও গেম যেন কোনো সন্তানকে খেলতে না দেওয়া হয়।” পুলিশ খতিয়ে দেখছে কোনো নির্দিষ্ট অনলাইন চ্যালেঞ্জের চাপে পড়ে এই গণ-আত্মহত্যা কি না।