“অর্থসচিবকে কাজ শিখিয়ে দেব!” কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ক্ষোভ বিচারপতি কৃষ্ণা রাওয়ের

এক আইনজীবীর জমা দেওয়া ৫০ হাজার টাকা কোর্ট ফি ফেরত দেওয়া নিয়ে রাজ্যের দীর্ঘসূত্রিতায় চরম ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের টালবাহানা দেখে মেজাজ হারান বিচারপতি কৃষ্ণা রাও। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, আদালতের সঙ্গে রসিকতা বরদাস্ত করা হবে না। এই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ১০টায় রাজ্যের অর্থসচিবকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আদালত সূত্রে খবর, এক আইনজীবী জুডিশিয়াল বিভাগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোর্ট ফি বাবদ ৫০ হাজার টাকা জমা দিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইলে রাজ্য দাবি করে, অর্থ ‘এদিক-ওদিক’ হয়ে গিয়েছে। এর আগে এজি-র আশ্বাসে আদালত সময় দিলেও মঙ্গলবার ফের সময় চায় রাজ্য। এতেই ক্ষুব্ধ বিচারপতি বলেন, “যদি একজন আইনজীবীর সামান্য টাকা ফেরত দিতে এই অবস্থা হয়, তবে সাধারণ কর্মচারী ও মানুষের সঙ্গে রাজ্য কী ব্যবহার করে?”
রাজ্যের আইনজীবীরা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও বিচারপতি তাতে কর্ণপাত করেননি। বরং কড়া সুরে তিনি বলেন, “আইনজীবীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, তা আমি অর্থসচিবকে শিখিয়ে দেব।” এমনকি মুখ্যসচিবকে তলব করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিচারপতি। বুধবার অর্থসচিবের হাজিরাকে কেন্দ্র করে এখন হাইকপর্টে টানটান উত্তেজনা।