সুপ্রিম কোর্টে মমতার ঐতিহাসিক সওয়াল! প্রধান বিচারপতির এজলাসে নাটকীয় মোড়, কোন দিকে এগোচ্ছে শুনানি?

দেশের বিচারবিভাগের ইতিহাসে বুধবার এক নতুন অধ্যায় তৈরি হতে চলেছে। এসআইআর (SIR) মামলায় আজ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে বিরোধী নেত্রী হিসেবে কলকাতা বা বালুরঘাট আদালতে তাঁকে সওয়াল করতে দেখা গেলেও, ‘সিটিং সিএম’ বা ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে এটিই তাঁর প্রথম সওয়াল।
সকাল থেকেই এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে ছিল টানটান উত্তেজনা। তবে শুনানির শুরুতেই দেখা যায় বড়সড় নাটকীয়তা। প্রাথমিক তালিকায় মুখ্যমন্ত্রীর মামলাটি ৩৭ নম্বরে থাকলেও এবং অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা উঠলেও, প্রধান বিচারপতির এজলাস বসার পর ক্রমতালিকায় রদবদল ঘটে। আদালত সূত্রে খবর, বর্তমানে তালিকার শুরুর দিকের মামলার শুনানি চলছে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলাটি এখন তালিকার ২১ নম্বরে স্থান পেয়েছে, আর মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সওয়ালটি রয়েছে ৩৭ নম্বরে।
সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ডেকোরাম অনুযায়ী, মামলাগুলির গুরুত্ব বিচারে বিচারপতিরা ক্রমতালিকা পরিবর্তন করেছেন। ১ থেকে ৫ নম্বর মামলার পর সরাসরি ৩৫ নম্বর এবং পরবর্তীতে ৪০-৪১ নম্বরের শুনানির কথা জানানো হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন সময়ে সওয়াল করার সুযোগ পাবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে শুনানির তালিকায় তাঁর নাম থাকায়, আজই তিনি আদালতের সামনে রাজ্যের যুক্তি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। গোটা দেশের নজর এখন দিল্লির ১ নম্বর কোর্টরুমের দিকে।