বক্স অফিসে ৩০০ কোটির ধামাকা! এবার ওটিটি-তে আসছে সানি দেওলের ‘বর্ডার ২’, জেনে নিন কবে থেকে দেখবেন

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বর্ডার ২’ বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। পরিচালক অনুরাগ সিংয়ের এই ছবি মুক্তির মাত্র ১২ দিনেই ভারতের বাজারে ৩০০ কোটি এবং বিশ্বব্যাপী ৪০৩.৭৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং অহন শেঠির দুর্দান্ত অভিনয় দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনতে সফল হয়েছে।
কবে আসছে ওটিটি-তে? সিনেমা হলে ব্যাপক সাফল্যের পর এবার দর্শকদের নজর ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। রিপোর্ট অনুযায়ী, ‘বর্ডার ২’-এর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব চড়া দামে কিনেছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স (Netflix)। জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে এই মেগা বাজেট ওয়ার ড্রামা। অর্থাৎ, যারা থিয়েটারে মিস করেছেন, তারা এবার ঘরে বসেই যুদ্ধের এই টানটান গল্প উপভোগ করতে পারবেন।
২৭৫ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিটি ২৯ বছর আগে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ‘বর্ডার’-এর সিক্যুয়েল। জেপি দত্তর সেই ছবি মাত্র ১২ কোটি বাজেটে তৈরি হয়ে ৬৬ কোটির ব্যবসা করেছিল। এবার সিক্যুয়েলের আকাশছোঁয়া আয় নতুন ইতিহাস সৃষ্টি করল।