মাধ্যমিকের মাঝেই রণক্ষেত্র স্কুল! ইনস্পেক্টরকে বেধড়ক মারধর, প্রধান শিক্ষকসহ সাসপেন্ড ৮ জন

মাধ্যমিক পরীক্ষার আবহে খোদ স্কুল পরিদর্শককে (SI) মারধরের ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ নিল জেলা স্কুল শিক্ষা দফতর। পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার পরীক্ষা চলাকালীন আক্রান্ত হন জামালপুর পূর্ব চক্রের স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও এক কেরানি-সহ মোট ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) দেবব্রত পাল।

ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার মাধ্যমিকের ডিউটি চলাকালীন প্রধান শিক্ষকের পাশের একটি ঘর থেকে মোবাইলের রিংটোন বেজে ওঠে। পর্ষদের নিয়ম ভেঙে কেন পরীক্ষা কেন্দ্রে ফোন ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চান প্রশান্তবাবু। অভিযোগ, এরপরেই প্রধান শিক্ষকের উপস্থিতিতেই ৭-৮ জন শিক্ষক ও কর্মী তাঁর ওপর চড়াও হন। তাঁকে গালিগালাজ করার পাশাপাশি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং বাজেয়াপ্ত করা মোবাইলটিও কেড়ে নেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি বর্ধমানের অনাময় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শিক্ষা মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।