‘অবৈধভাবে এসেছি, অ্যাকশন নিলে অন্যায় হবে না!’, এনআরসি-সিএএ ইস্যুতে বিস্ফোরক বাংলাদেশি গায়ক

জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। দৃষ্টিহীনতা সত্ত্বেও সঙ্গীতের টানে এবং আলোর খোঁজে তিনি একসময় অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে। হুগলির ডানকুনিতে প্রায় বিশ বছর ধরে বসবাস করছেন এই গায়ক। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে এ দেশে এভাবে থাকাটা যে আইনত অপরাধ, সেই কঠিন সত্য স্বীকার করলেন তিনি নিজেই।

পেশায় গায়ক মেহেদি হাসান, যিনি দেশে ফেরেননি, তিনি বলেন, “২০ বছর আগে তো চলে এসেছিলাম। যেহেতু আমি অবৈধভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে সরকার যদি অ্যাকশন নেয়, এটা তার কোনও অন্যায় নয়।”

আইনি পদক্ষেপ প্রসঙ্গে তাঁর সোজাসাপটা মন্তব্য: “কারণ যেহেতু আমি অবৈধ এসেছি, কোনও দেশের সরকার চায় না যে, আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম। কিন্তু আইনত, এট অপরাধ।”

দেশের নিরাপত্তা ও আইন প্রসঙ্গে তিনি আরও বলেন, “SIR বা NRC যেটাই করুন না কেন, আমি তো বলব, এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশই চায়, আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক।” এক জন্ম-অন্ধ গায়কের মুখ থেকে আইন ও নাগরিকত্ব নিয়ে এমন সোজাসাপটা স্বীকারোক্তি এখন ভাইরাল।