ভারতীয় বায়ুসেনার (IAF) একটি ট্রেনার এয়ারক্রাফট (Pilatus PC-7) শুক্রবার চেন্নাইয়ের কাছে থিরুপোরুর-নেম্মিলি (Thiruporur-Nemmeli Road) এলাকায় রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে দুপুর ২টো নাগাদ। তবে সুখবর এই যে, দ্রুত পদক্ষেপ নিয়ে বিমানের পাইলট নিরাপদে নিজেকে বের করে আনতে সক্ষম হন।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি ছিল ‘Pilatus PC-7’। বিমানটি তাম্বারাম এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করেছিল এবং প্রশিক্ষণের সময় থিরুপোরুরের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই একটি কোর্ট অফ ইনকোয়ারি (COI) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও তদন্ত চলছে। পাইলটকে উদ্ধার করে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের (হেলিকপ্টার) সাহায্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ইস্ট কোস্ট রোড (ECR) এবং রাজীব গান্ধী সালাইয়ের মধ্যে সংযোগকারী থিরুপোরুর-নেম্মিলি রোডে দুপুর ২টো নাগাদ স্থানীয়রা একটি বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেলে তাঁরা দেখতে পান যে একটি নুনের কারখানার দেওয়ালের কাছে বিমানটি ভেঙে পড়েছে।
থিরুপোরুরের এক বাসিন্দা কে. শিবরমন জানান, তিনি দুপুর ২টা ১০ মিনিটে তাঁর কাকিমার কাছ থেকে একটি ফোন পান, যিনি বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনেছিলেন। শিবরমন জাতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “যে পাইলটটি প্যারাসুট দিয়ে নিরাপদে বেরিয়ে এসেছিলেন, তিনি থান্ডালামের কাছে থিরুপোরুর বাইপাসে ডিভাইডারের কাছে পড়ে যান। তিনি ভাগ্যবান যে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার থেকে মাত্র কয়েক মিটার দূরে তিনি পড়ে গিয়েছিলেন।” পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, তিনি প্রাথমিক চিকিৎসা নিতে অস্বীকার করেন এবং বিকেল ৩টের সময় এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেন।