সংসার সুখের হবেই, পুরোনো রাগ পুষে রাখা বা নিন্দা করা—দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে যে ৫টি খারাপ অভ্যাস

সংসারে টানাপোড়েন, হাসি-কান্না, চড়াই-উতরাই থাকবেই। সম্পর্ক টিকে থাকে দু’জন মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর। তবে কিছু আচরণ রয়েছে যা সম্পর্কের ভিত নষ্ট করে দেয় এবং অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। সংসারে যতই ঝড় আসুক না কেন, দীর্ঘদিনের সম্পর্ককে বাঁচাতে এই ৫টি আচরণ এখনই ত্যাগ করুন।
১. কোনো কিছু না লুকানো: ছোট-বড় কোনো বিষয়ই সঙ্গীর কাছ থেকে লুকাবেন না। সেটা টাকা-পয়সার লেনদেন, ধার-দেনা, পারিবারিক সমস্যা, পুরোনো সম্পর্ক কিংবা অন্য কিছু—যা-ই হোক না কেন, সব খোলাখুলি বলুন। কোনো কিছু লুকালে পরস্পরের মধ্যে মারাত্মক অবিশ্বাস জন্মাতে পারে, যা সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয়।
২. কথা বন্ধ না করা: যত কঠিন বিষয় নিয়েই ঝগড়া হোক না কেন, কখনো কথা বন্ধ করবেন না। দোষ বা ভুল যারই হোক, পরস্পর আলোচনার মাধ্যমে খোলাখুলি কথা বলে সমাধান করুন। কথা বন্ধ করে থাকলে, তা দু’জনের প্রতি তিক্ততা আরও বাড়িয়ে দেবে এবং দূরত্ব সৃষ্টি করবে।
৩. কল্পনাকে বাস্তব না ভাবা: সিনেমা ও কল্পনার জগতকে কখনো বাস্তব বলে মনে করবেন না। অনেকেই মনে করেন, তাঁর স্বামী অমুক নায়কের মতো রোমান্টিক আচরণ করবে বা তাঁর স্ত্রী অমুক নায়িকার মতো হবে। এসব অহেতুক ভাবনা নিয়ে অশান্তি করবেন না। বাস্তবতা বিবেচনা করে সঙ্গীকে গ্রহণ করুন।
৪. সঙ্গীর নামে অন্যের কাছে নিন্দা না করা: নিজের বন্ধু বা আত্মীয়দের কাছে সঙ্গীর নামে নিন্দা করা অত্যন্ত খারাপ একটি কাজ। এতে সঙ্গীকে অপমানিত করা হয়। যখন সঙ্গী তাঁর সম্পর্কে কোনো খারাপ কথা অন্যের মুখে শুনবেন, তখন সম্পর্কের প্রতি তাঁর আস্থা নষ্ট হয়ে যাবে। তাই এ বিষয়ে সাবধান থাকুন।
৫. পুরনো রাগ-ক্ষোভ জমিয়ে না রাখা: কখনো পুরনো রাগ বা ক্ষোভ মনের মধ্যে জমিয়ে রাখবেন না। এতে এক পর্যায়ে সেই চাপা ক্ষোভ মারাত্মক ঘটনা ঘটাতে পারে। সবচেয়ে ভালো হয়, যখনকার রাগ তখনই ঝেড়ে ফেলা বা অভিযোগ নিয়ে কথা বলে মীমাংসা করা। জমে থাকা ক্ষোভ সম্পর্কের জন্য বিষাক্ত।