বাথরুমে ঘাপটি মেরে লুকিয়ে চিতাবাঘ, শৌচাগারে ঢুকতেই যুবকের উপর ঝাঁপ! শিলিগুড়িতে হাড়হিম করা কাণ্ড

মঙ্গলবার সকালে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (NBU) ৩ নম্বর গেটের কাছে শান্তিপুরে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। বাড়ির শৌচাগারের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি চিতাবাঘ। শৌচাগারে ঢুকতেই চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন এক যুবক, অন্য একজনও সামান্য আহত হয়েছেন। ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

যা ঘটেছিল শান্তিপুরে:

শান্তিপুরের বিশ্বনাথ ও প্রিয়াঙ্কা দে-র বাড়িতে ভাড়া থাকেন অভিষেক প্রসাদ (২৮)। এদিন সকালে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি।

আক্রমণ: বিশ্বনাথ দে-র বাড়ির শৌচাগারে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। সকালে অভিষেক প্রসাদ শৌচাগারে যেতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কোনওক্রমে প্রাণ বাঁচান ওই যুবক।

আহত: চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হন অভিষেক প্রসাদ। তাঁর মুখ, বুক ও হাতে আঁচড়ের দাগ রয়েছে। তাঁকে দ্রুত মাটিগাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার সময় চিতাবাঘটি আরও এক যুবককে হামলা করে।

বাড়িওয়ালারা জানান, চিৎকারের আওয়াজ শুনে তাঁরা অভিষেককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বাড়ির মালিক বিশ্বনাথ দে বলেন, “আমরা ভীষণ আতঙ্কিত। এর আগেও এলাকায় চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। বাড়ি থেকে বেরোতেও ভয় লাগছে।”

বিশ্ববিদ্যালয়েও নজরদারি:

বনকর্মীরা মনে করছেন, চিতাবাঘটি বাগডোগরার জঙ্গল থেকে বেরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট দিয়ে শান্তিপুর এলাকায় প্রবেশ করে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘন জঙ্গল রয়েছে, তাই আতঙ্কিত সেখানকার পড়ুয়ারাও।

খবর পেয়ে বাগডোগরা বন দফতরের কর্মীরা এলাকায় এসে তল্লাশি শুরু করেন। যদিও চিতাবাঘের দেখা মেলেনি। বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, “একটি চিতাবাঘের হামলার খবর মিলেছে। বনকর্মীরা এলাকায় তল্লাশি চালাচ্ছে। একটি টিম ওখানে মোতায়েন করা হয়েছে। এলাকায় মাইকিং করা হয়েছে।” বনকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও নজরদারি চালাচ্ছেন।