জম্মু ও কাশ্মীর: কুলগম, ডোডা ও রাজৌরিতে বড়সড় জঙ্গি বিরোধী অভিযান, কুপওয়ারায় সংঘর্ষে নিহত ২ জঙ্গি

জম্মু ও কাশ্মীর উপত্যকায় বড়সড় জঙ্গি বিরোধী অভিযানে নামল ভারতীয় সেনা। শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগম, ডোডা এবং রাজৌরিতে ব্যাপক তল্লাশি অভিযান (CASOs) চালানো হয়।

সন্ত্রাসবাদের ‘ইকোসিস্টেম’ ধ্বংসের লক্ষ্য
সেনা সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো উপত্যকায় আন্ডারগ্রাউন্ডে সক্রিয় থাকা সন্ত্রাসবাদীদের ‘ইকোসিস্টেম’ বা পরিবেশ-কে ধ্বংস করে দেওয়া। ডিজিপি (ডিরেক্টর জেনারেল অফ পুলিশ) পর্যায়ের উচ্চ পদস্থ আধিকারিকদের বৈঠকের পরেই কুলগম জেলার একাধিক জায়গায় একাধিক কর্ডন এবং তল্লাশি অভিযান চালানো হয়।

এই যৌথ, নিয়ন্ত্রিত অভিযানে মূলত দুটি গোষ্ঠীকে নিশানা করা হয়েছে: ১. ক্রস বর্ডার সন্ত্রাসবাদকে অর্থনৈতিক সাহায্যকারী (Financial Supporters)। ২. গোপন সমর্থক ও ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW)-রা, বিশেষ করে যারা নিয়ন্ত্রণরেখা (LoC)-এর ওপারে থাকা তাদের ‘আত্মীয়’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

সেনা এবং পুলিশের দল একাধিক ডিজিটাল ডিভাইস এবং নথি উদ্ধার করেছে। এক ঊর্ধ্বতন আধিকারিকের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসের নেটওয়ার্ক সম্পূর্ণ ভাবে ছিন্নভিন্ন করে দেওয়া সম্ভব হবে।

গ্রেপ্তার: দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদীদের বহু আত্মীয় এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেফতার করা হয়েছে। এঁদের অনেকের বিরুদ্ধে প্রচারমূলক পত্র বিলি এবং জঙ্গিগোষ্ঠীদের জন্য নতুন তরুণ নিয়োগের কাজ করার অভিযোগ রয়েছে।

কুপওয়ারায় সংঘর্ষ
পাশাপাশি, শনিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২ জন জঙ্গি। ভারতীয় সেনাবাহিনী এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছে।