রহস্য ফাঁস! লরির খালাসি রোজ ঘুরত আলাদা সাইকেলে, ১৫টি সাইকেল নিয়ে বাড়িতে হানা পুলিশের, তারপর যা ঘটল…

দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত সুকদেবপুর গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে এক যুবকের কার্যকলাপ ঘিরে কৌতূহল ছিল। এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন, পেশায় ট্রাকের খালাসি ওই যুবক প্রায় প্রতিদিনই আলাদা আলাদা সাইকেল নিয়ে ঘোরাফেরা করছেন—কখনও নতুন ঝকঝকে, কখনও অন্য রঙের। এই রহস্যই ধীরে ধীরে সন্দেহে পরিণত হয়।
বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়ার পরই পারুলিয়া কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শেখ আসাদুলের নেতৃত্বে তদন্ত শুরু হয়। পুলিশ ওই যুবক, বাপ্পা মিস্ত্রির গতিবিধির ওপর নজর রাখে। আর এই নজরদারির ফলেই ফাঁস হয় সমস্ত কর্মকাণ্ড।
হঠাৎ একদিন পুলিশ বাপ্পা মিস্ত্রির বাড়িতে হানা দিতেই ঘরের মধ্যে রাখা প্রায় ১৫টি সাইকেল দেখে হতবাক হয়ে যায়। একজন সাধারণ ট্রাকের খালাসীর বাড়িতে এতগুলি সাইকেল দেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের জেরার মুখে বাপ্পা মিস্ত্রি শেষ পর্যন্ত স্বীকার করে, সে পূর্ব মেদিনীপুরের দীঘা এবং আশপাশের এলাকা থেকে বিভিন্ন সময়ে এই সাইকেলগুলি চুরি করেছে।
পুলিশের অনুমান, বাপ্পা মিস্ত্রি দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছিল। তাকে গ্রেফতার করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। চুরি যাওয়া সাইকেলগুলির প্রকৃত মালিকদের খুঁজে বের করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।