ভোটার তালিকার নিবিড় সংশোধনে বড় পদক্ষেপ! অনলাইন SIR ফর্ম পূরণ শুরু, রইল ধাপে ধাপে নির্দেশিকা

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন শুক্রবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া অনলাইনে শুরু করেছে। কমিশনের ওয়েবসাইট এবং ECINET অ্যাপের মাধ্যমে ভোটাররা এখন সহজেই নিজেদের তথ্য যাচাই বা সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম (SIR ফর্ম) পূরণ করতে পারবেন।
গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ শুরু করেছে বুথ লেভেল অফিসাররা (BLO)। আগামী ১০ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের। তবে যারা বাড়িতে ফর্ম পাননি বা কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন, তাদের সুবিধার জন্যই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
পরিযায়ী শ্রমিক, বাইরে কর্মরত চাকরিজীবী বা ছাত্রছাত্রী ভোটারদের জন্য কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত সহায়ক। BLO-র সামনে যেভাবে ফর্ম পূরণ করতে হতো, অনলাইনেও ঠিক সেভাবেই তথ্য দিতে হবে।
অনলাইনে SIR ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা CEO, পশ্চিমবঙ্গ-এর ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/ অথবা ECINET অ্যাপ থেকে এই ফর্ম পূরণ করা যাবে।
এপিক লিঙ্ক বাধ্যতামূলক: অনলাইন আবেদনের জন্য এপিক (ভোটার কার্ড) নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ই-মেল আইডি লিঙ্ক করা আবশ্যক। নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম পূরণ করা সম্ভব হবে না।
ওটিপি যাচাই: রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে কমিশনের লিঙ্কে লগ ইন করতে হবে।
এপিক নম্বর প্রদান: এরপর প্রয়োজনীয় এপিক কার্ড নম্বর প্রদান করতে হবে।
নামের সঙ্গতি: এপিক নম্বর দেওয়ার পরে যদি ভোটার কার্ডের নাম বা আধার নম্বরের সঙ্গে মিল না পাওয়া যায়, তবে BLO-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
তালিকা নির্বাচন: নাম মিলে গেলে শেষ SIR-এর বাবার অথবা নিজের নামের তালিকা নির্বাচন করতে হবে।
বুথ তথ্য: এরপর ২০০২ সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বসাতে হবে।
চূড়ান্ত জমা: ফর্ম জমা দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিলেই এনুমারেশন ফর্ম জমা করা যাবে। এর সঙ্গে একটি ছবি এবং ই-সই (e-signature) দিতে হবে।
BLO-দের তৎপরতা এবং ফর্ম বিতরণের পরিসংখ্যান
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৪ নভেম্বর SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে BLO-রা রাজ্যজুড়ে সাড়ে তিন কোটিরও বেশি ফর্ম বিতরণ করেছেন। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকা ৮০,৬৮১ জন BLO ভোটারদের বাড়িতে ফর্ম পৌঁছে দিচ্ছেন। কমিশন জানিয়েছে, ৭ নভেম্বর রাত আটটা পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৩.০৪ কোটিরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে।