রাতারাতি ফাঁকা ডরম্যান্ট অ্যাকাউন্ট! KYC জালিয়াতি করে তৃণমূল নেতার ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নিল হ্যাকাররা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল মোটা অঙ্কের ৬৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক জালিয়াতদের খপ্পরে পড়েছেন তিনি। দীর্ঘদিন ব্যবহার না করা একটি ‘ডরম্যান্ট’ অ্যাকাউন্ট থেকেই এই বিশাল অঙ্কের টাকা চুরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।
পুলিশের দ্বারস্থ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে লালবাজারের পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কোনও জালিয়াতকে ধরতে পারেনি।
কীভাবে হলো এই জালিয়াতি?
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর হাইকোর্ট শাখার একটি অ্যাকাউন্ট তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেন না, ফলে সেটি ডরম্যান্ট হয়ে গিয়েছিল। জালিয়াতরা সেই ডরম্যান্ট অ্যাকাউন্টকেই নিশানা করে। অভিযোগ, তারা ওই অ্যাকাউন্টের KYC (Know Your Customer) নথি জাল করে সেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং সেখান থেকে ৬৫ লক্ষ টাকা তুলে নেয়।
ব্যাঙ্ক ম্যানেজারের ফোন: পর্দাফাঁস হলো কীভাবে?
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, একদিন সন্ধ্যায় তিনি তাঁর ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পান। ম্যানেজার তাঁকে জানান যে তাঁর অ্যাকাউন্ট থেকে একটি বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে এবং তিনি এই বিষয়ে অবগত কিনা, তা জানতে চান। ম্যানেজারের এই ফোন পেয়েই আকাশ থেকে পড়েন কল্যাণবাবু। তখনই তিনি বুঝতে পারেন, তিনি এক বড়সড় অনলাইন প্রতারণার শিকার হয়েছেন।
বর্তমানে অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমবর্ধমান। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে নানা কৌশলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে জালিয়াতরা। তৃণমূলের সাংসদ ও দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের সঙ্গে এমন ঘটনা ঘটায় সাইবার সুরক্ষার বিষয়টি আরও একবার বড় প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াল।