পাঞ্জাবি স্টাইল নয়! লুচি-পরোটার সাথে জমবে এই ‘পনির মাশরুম দো-পেঁয়াজা’, ঝটপট বানানোর সহজ রেসিপি

নিরামিষের দিনে রোজকার পনিরের ঝোল বা আলুর তরকারি খেতে খেতে একঘেয়ে লাগছে? শীতকালে মটর পনির বা ক্যাপসিকাম দিয়ে পনির তো খাচ্ছেনই, এবার ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশনের জন্য তৈরি করুন একটি একেবারে নতুন ও সুস্বাদু পদ— পনির মাশরুম দো-পেঁয়াজা। রইল ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটির সহজ প্রণালী।

পনির মাশরুম দো-পেঁয়াজা
🍲 উপকরণ:

পনির: ৫০০ গ্রাম

মাশরুম: ৫০০ গ্রাম

পেঁয়াজ: ৪টি (২টি কুচি, ২টি বড় কোয়া করে কাটা)

রসুন: ৭-৮ কোয়া

ক্যাপসিকাম: ১টি (চৌকো করে কাটা)

আদা: ১টি গাঁট

কাঁচা লঙ্কা: ৪-৫টি

টমেটো: ২টি (কুচি করে কাটা)

টক দই: হাফ কাপ (ফেটিয়ে নেওয়া)

অন্যান্য: সাদা তেল, কাজু, চারমগজ, পোস্ত, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, ঘি ও গরম মশলা (পরিমাণ মতো)।

🔪 প্রণালী: ১. প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে সাদা তেলে হালকা ভেজে নিতে হবে। এরপর পনির ছোট টুকরো করে হালকা ভেজে কাঁচা ভাব কাটিয়ে নিন। ২. একটি মিক্সারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ, পোস্ত এবং টমেটো একসঙ্গে ভালো করে বেটে একটি পেস্ট তৈরি করুন। ৩. কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম হালকা ভেজে নিন। হালকা লালচে হয়ে এলে তার মধ্যে তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দিন। ৪. এবার একে একে নুন, স্বাদমতো চিনি, হলুদ (১/২ চা চামচ), লঙ্কা গুঁড়ো (১ চা চামচ), ধনে গুঁড়ো (১/২ চা চামচ) এবং জিরা গুঁড়ো (১ চা চামচ) দিয়ে মসলাটি ভালো করে কষাতে থাকুন। ৫. মসলা থেকে তেল ছেড়ে বের হলে ফেটানো টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষান যতক্ষণ না মিশ্রণটি আরও ঘন হয় এবং তেল ছাড়তে শুরু করে। ৬. ভাজা পনির ও মাশরুম দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। ৭. পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন গ্রেভি তৈরি করুন। ভালোভাবে ফুটে উঠলে সবশেষে সামান্য ঘি, গরম মশলা এবং কাসুরি মেথি ছড়িয়ে দিলেই আপনার সুস্বাদু পনির মাশরুম দো-পেঁয়াজা পরিবেশনের জন্য প্রস্তুত!