‘বিহারের ৫২ জন BLO-র মতো আপনাকেও জেলে যেতে হবে’! বিরোধী দলনেতার মন্তব্যের ভিডিও জমা দিয়ে এফআইআর-এর দাবি অরূপ বিশ্বাসের

ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে তীব্র আপত্তি জানাল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে অভিযোগ দায়ের করল রাজ্যের শাসক দল।

তৃণমূলের তরফে পাঠানো চিঠিতে মন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট লিখেছেন, ‘BLO-দের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে। এটি একটি অপরাধমূলক হুমকি’। এই হুমকির বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা করার দাবি জানিয়েছে তৃণমূল।

তৃণমূলের অভিযোগ ও মূল বক্তব্য:
সম্প্রতি, শুভেন্দু অধিকারীকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলতে শোনা গিয়েছিল:

“বিহারের ৫২ জন বিএলও কিন্তু এখনও জামিন পাননি। আপনাকে কিন্তু জেলে পাঠাতে হবে। আর জেলে যাওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সব আমরা জোগাড় করে দেব।”

শুভেন্দু অধিকারীর মন্তব্যের সেই ভিডিও রেকর্ড যোগ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযোগপত্রে বলা হয়েছে, এটি ভারতীয় ন্যায়সংহিতার ৩৫১ ধারার অপরাধমূলক হুমকির অন্তর্ভুক্ত। তাই তাদের দাবি, নির্বাচন কমিশন যেন আইনত ব্যবস্থা নেয়।

কমিশনের তৎপরতা:
এদিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের করা এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তৎপর হয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পূর্ব মেদিনীপুর জেলাশাসককে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কমিশন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

SIR প্রক্রিয়ার ওপর যখন রাজনৈতিক চাপ বাড়ছে, তখন বিরোধী দলনেতার এই মন্তব্য এবং শাসক দলের পালটা অভিযোগ রাজ্যের নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলল।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty