নিষিদ্ধ কফ সিরাপের মারণ নেশার জাল কাটতে ফের বড় সাফল্য পেল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে অভিযান চালিয়ে একটি সক্রিয় পাচারচক্রের ছয় জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলিশ। বেলিয়াঘাটা এলাকায় গাড়ি তল্লাশি চলাকালীন পাচারকারীরা নিষিদ্ধ কাফ সিরাপ-সহ পুলিশের জালে ধরা পড়ে। গাড়িটিও আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই দাসপুরের শিরোনামে বারবার উঠে এসেছে এই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের দৌরাত্ম। প্রশাসন সূত্রে জানা যায়, এই সিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয়। এর মূল সমস্যা হলো, এই সিরাপ পান করে নেশাগ্রস্ত হলেও মুখ থেকে কোনো গন্ধ বের হয় না। ফলে বাইরে থেকে কেউ সহজে ধরতে পারে না যে ওই ব্যক্তি নেশাগ্রস্ত। আর এই ‘গন্ধ-মুক্ত নেশার’ ফাঁদেই বহু যুবক জড়িয়ে পড়ছে। এই কারণে এর চোরাচালানও বাড়ছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারকারীদের উপর নজর রাখা হচ্ছিল। ইতিমধ্যেই একাধিক অভিযানে বহু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সেই মতোই গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় অভিযান চালানো হয়।
নিষিদ্ধ ওষুধ বিক্রয় বা পাচার করা আইনত অপরাধ। দাসপুর পুলিশের এই অভিযানে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এখন এই চক্রের মূল পান্ডা ও পাচার রুটের সন্ধানে তদন্ত শুরু করেছে।