“ভারতের ‘ভৌগোলিক বিশালতার ভ্রম’ ভেঙে দেব”-ফের ফাঁপা হুমকি আর্মি চিফ মুনিরের!

পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিম মুনিরের ভারত-বিরোধী বিতর্কিত মন্তব্য থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমি কালুলে দাঁড়িয়ে তিনি ভারতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। মুনির দাবি করেছেন, “পাকিস্তান আশাতীত জবাব দিতে পারে।”

পাক সেনা প্রধান আরও জানান, ভারতের “ভৌগোলিক বিশালতার যে ভ্রম রয়েছে, সেটা ভেঙে দেবে পাকিস্তান।” তিনি হুঁশিয়ারি দেন যে, এই প্রতিক্রিয়া হবে ‘ঘাতক’।

শুধু ভারতকে হুমকি দিয়েই ক্ষান্ত হননি মুনির। তিনি ভারতীয় সেনা আধিকারিকদেরও সরাসরি হুমকি দিয়েছেন। তিনি পরামর্শ দেন, ভারতীয় সেনাকে উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, নইলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।

মুনির মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধানের জন্য পারস্পরিক সম্মান এবং সমতার প্রয়োজন। তাঁর মতে, “পাকিস্তানকে কোনওভাবেই দাবিয়ে বা ধমকিয়ে রাখা যাবে না।” এর মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে পাকিস্তান ভারতকে ভয় পাচ্ছে না।

তবে সামরিক বিশেষজ্ঞরা মুনিরের এই ধরনের ‘ফাঁকা আওয়াজ’-কে একেবারেই পাত্তা দিতে নারাজ। তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, সামরিক সক্ষমতা এবং কূটনীতি উভয় ক্ষেত্রেই ভারত প্রতিবেশী পাকিস্তানকে দশ গোল দেবে।

উল্লেখ্য, মুনিরের এই ধরনের ভারত-বিরোধী বিস্ফোরক মন্তব্য নতুন নয়। এর আগেও আমেরিকার একটি অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, যদি পাকিস্তানের উপর আক্রমণ হয়, তাহলে আধা দুনিয়াকে সঙ্গে নিয়েই ডুববে তারা। এমনকি, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান ১০টি মিসাইল দিয়ে তা উড়িয়ে দেবে বলেও তিনি হুমকি দিয়েছিলেন। ভারত অবশ্য তাঁর এই ধরনের মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ ভেবে উড়িয়ে দেয়।

যখন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেল চেয়ে ‘জুতো চাটার’ মতো কাজ করে বিশ্বজুড়ে হাসির রোল তুলেছেন, ঠিক তখনই সেই দেশের সেনা প্রধানের ভারতকে এমন হুঁশিয়ারি দেওয়া— দুই বিপরীত চিত্র নিয়েই চলছে জোর আলোচনা।