বিদায় ভ্যাপসা গরম! হালকা শীতের আমেজে চাঙ্গা পুরুলিয়া, পর্যটকদের ভিড়ে জমজমাট অযোধ্যা পাহাড়

ভ্যাপসা গরম ও লাগাতার বৃষ্টির পর্ব শেষে রাজ্যে শুরু হয়েছে শীতের পালা। এখন থেকেই রাজ্যের বহু জায়গায় হালকা ঠাণ্ডার অনুভূতি হচ্ছে, আর রাতের কুয়াশা জানান দিচ্ছে জাঁকিয়ে শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। সবুজে ঘেরা পুরুলিয়াতেও হালকা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে অনেকেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে অযোধ্যা পাহাড় (Ayodhya Hills) ঘুরতে চলে গিয়েছেন, কেউ কেউ আবার ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।
বাঙালির অন্যতম প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন এই পুরুলিয়া মানেই সবুজের সমাগম—জল-জঙ্গল, পাহাড়, ঝরনার সঙ্গে মুখোশ গ্রাম ও ছৌ নৃত্যের ঐতিহ্য। প্রত্যেক বছর শীতেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। এই বছরও ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
বুকিং-এ সুদিনের ইঙ্গিত
সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকেই তাঁদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বদলেছেন। এর সরাসরি প্রভাব পড়েছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে। অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বড়ন্তি, মাঠা, মরগুমার মতো পর্যটনকেন্দ্রগুলিতে ইতিমধ্যে বুকিং বেড়েছে।
পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, শীতের দিনগুলিতে পুরুলিয়ার পর্যটন শিল্প আবার চাঙ্গা হয়ে উঠবে। শীত আসার আগেই অনেকে এখানকার হোটেল ও রিসর্টগুলিতে আগাম বুকিং করে নিয়েছেন। শীত যত পড়বে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় ততই বাড়বে বলে মনে করা হচ্ছে।