Weather: বিসর্জন কাটবে বৃষ্টিতে? কলকাতা-সহ এই ৮ জেলায় জারি ভারী বৃষ্টির অ্যালার্ট

দুর্গাপূজার উৎসবের মাঝেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন। ষষ্ঠী-সপ্তমীর শুষ্ক পরিবেশের পর অষ্টমীতে বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমী (১ অক্টোবর) থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে

মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং তা নবমী থেকে দশমীর মধ্যে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই নিম্নচাপের জোড়া ফলায় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ২ অক্টোবর (দশমী) গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ৩ অক্টোবর (একাদশী) সকালে এটি দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

১. নবমীতে (১ অক্টোবর): কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

২. দশমীতে (২ অক্টোবর): উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। বিসর্জনের দিনে মণ্ডপে মণ্ডপে চরম সতর্কতা প্রয়োজন।

৩. একাদশীতে (৩ অক্টোবর): দুর্যোগের তীব্রতা একইরকম থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

 

পুজোর বাকি দিনগুলিতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা:

  • নবমীতে (১ অক্টোবর): বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • দশমী ও একাদশীতে (২ ও ৩ অক্টোবর): কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
  • কার্নিভালের দিন (রবিবার): বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টি হলেও এই সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

উত্তরবঙ্গের পরিস্থিতি

 

পূজার বাকি দিনগুলিতে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে।

  • দশমী থেকে দ্বাদশী (২-৪ অক্টোবর): দার্জিলিং-সহ উপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি।
  • নিচের দিকের জেলা মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
  • শনিবারেও উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে।