অষ্টমীর বিকেলে আকাশের ‘মুড সুইং’! রোদ শেষে হঠাৎ কালো মেঘ, কোথায় কোথায় নামবে বৃষ্টি?

অষ্টমীর সকালে ঝলমলে আকাশ দেখে দর্শনার্থীরা কিছুটা স্বস্তি পেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার ‘মুড সুইং’ শুরু হয়েছে। দুপুরের পর থেকেই কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর ফলে তিলোত্তমার একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বৃষ্টিতে ভেস্তে যাবে অষ্টমীর বিকেলের পরিকল্পনা? এখনই আশঙ্কার কিছু নেই, আশ্বাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী কয়েক ঘণ্টার পূর্বাভাস:

মঙ্গলবার বেলা ১২টা ৩৩ মিনিটে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দার্জিলিং এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এর আগে বেলা ১২টা ৫ মিনিটে হাওয়া অফিস জানিয়েছিল, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে সামান্য স্বস্তির খবর হলো, এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

নবমীতে নিম্নচাপের ভ্রূকুটি:

অষ্টমীর স্বস্তি স্থায়ী হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমীর দিন (১ অক্টোবর) নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর জেরে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে এবং দশমীতেও (২ অক্টোবর) ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তাই অষ্টমীর বিকেলে ঝটপট মণ্ডপ ঘুরে নিতে পারলে ভালো।