পরীক্ষা হলে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা ABVP নেত্রী, উত্তরপত্র হলো বাজেয়াপ্ত

পরীক্ষার সময় নকল করার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর নেত্রী পুনম ভাটি। পরীক্ষার নিয়ন্ত্রক কক্ষে তাকে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে থাকা আরও এক ছাত্রের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে এবং পুনম ভাটির উত্তরপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে যোধপুরের শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ক্ষোভে উত্তাল ক্যাম্পাস:
ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে এনএসইউআই (NSUI)। এনএসইউআই যোধপুর জেলা সভাপতি বাবলু সোলাঙ্কি দাবি করেন, “নকলের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার জন্য ভাটিকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে নিরপেক্ষভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
অন্যদিকে, অভিযোগ উঠেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি প্রকাশ্যে না এনে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় ছাত্র মহল এবং জনমানসে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
রাজনীতিতে শুরু চাপান-উতোর:
এই ঘটনায় রাজস্থানের রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির নেতা হনুমান বেনিওয়াল সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি লেখেন, “প্রথমে আইনমন্ত্রী যোগরাম প্যাটেলের নাতনি যোধপুরের এমবিএম বিশ্ববিদ্যালয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছিলেন, আর এখন এবিভিপির পুনম ভাটি নকল করতে গিয়ে ধরা পড়লেন। তখন বিজেপি ঘটনাটি চাপা দিতে চেয়েছিল, এখন তাদের অবস্থান কী হবে?”