“হাতে বিয়ার, ফ্লোরে কোমর দোলাচ্ছেন পুলিশকর্মীরা!”- মাফিয়া ডনের জন্মদিনের পার্টিতে ৪ জন

অপরাধ জগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তির জন্মদিনের পার্টিতে মদ্যপ অবস্থায় চার পুলিশ কর্মীর নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত চার জনকেই সাসপেন্ড করা হয়েছে।
সোমবার ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করা হয়নি) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োটিতে দেখা যায়, ডান্স ফ্লোরে হাতে বিয়ারের বোতল নিয়ে কোমর দোলাচ্ছেন উত্তরপ্রদেশের চার পুলিশ কর্মী। গানের তালে নাচতে নাচতে কখনও বিয়ারে চুমুক দিচ্ছেন, আবার কখনও শুয়ে পড়ছেন ফ্লোরেই।
অভিযোগ, যে ব্যক্তির জন্মদিনের পার্টিতে পুলিশ কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম এরশাদ মালিক। পুলিশের খাতায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং এলাকায় তার দাপট সুবিদিত। ‘সারা এলাকা যার নামে কাঁপে,’ সেই মাফিয়ার জন্মদিনের পার্টিতে পুলিশের এই উপস্থিতি নিয়েই প্রশ্ন উঠেছে।
VIDEO: Dance, drama & suspension! Video of Ghaziabad cops grooving at history-sheeter’s birthday bash in a bar goes viral. DCP suspends 4, probe ordered.#GhaziabadPoliceInNews #Police pic.twitter.com/7DBUjgEFnE
— Kushagra Mishra (@m_kushagra) September 29, 2025
ভিডিয়োটি সামনে আসতেই নড়েচড়ে বসে গাজিয়াবাদ পুলিশ প্রশাসন। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন সাহিবাবাদ বর্ডার আউটপোস্টের ইনচার্জ আশিস যাদব। বাকি তিনজন কনস্টেবল হলেও তাদের নাম এখনও জানা যায়নি।
সোমবার রাতেই ট্রান্স হিন্দনের ডিসিপি নিমিষ প্যাটেল সাসপেনশনের নোটিস জারি করেন। একই সঙ্গে অভিযুক্ত চার পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ। কর্তব্যরত অবস্থায় একজন দাগী অপরাধীর পার্টিতে যোগ দেওয়া এবং মদ্যপ অবস্থায় নাচের এই ঘটনা প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।