এশিয়া কাপে হ্যাট্রিক শেষ, জেনেনিন ফের কবে, কোথায় ফের ভারত-পাক মহারণ?

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পুরুষ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক পর্ব শেষ। এবার ২২ গজে ফের একবার মহারণের জন্য প্রস্তুত হচ্ছে ভারত ও পাকিস্তান, তবে এবার ফোকাসে স্মৃতি মন্ধনারা। মেয়েদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

পাঁচ ম্যাচের সেই দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ৫ অক্টোবর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই বহু প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

কবে ও কোথায় এই মেগা ম্যাচ?

ম্যাচ: ভারত বনাম পাকিস্তান (মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ)

তারিখ: ৫ অক্টোবর, ২০২৫

স্থান: প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা

ছেলেদের দলের মতো এবার মেয়েদের দলও পাকিস্তানকে গো-হারা হারাবে কিনা, সেই দিকেই সকলের নজর থাকবে। বিশেষত, এশিয়া কাপে হাত মেলানো বিতর্ক, আর্শদীপ সিংকে ঘিরে অভিযোগ ও পাকিস্তানের একের পর এক পরাজয়ের পর এই ম্যাচ ঘিরে কূটনৈতিক উত্তেজনাও থাকতে পারে।

উল্লেখ্য, ৫ অক্টোবরের এই ম্যাচের আগে ভারত ও পাকিস্তান উভয়েই টুর্নামেন্টে নিজেদের একটি করে ম্যাচ খেলে ফেলবে। ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে মঙ্গলবারই। মেয়েদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর, ২০২৫।

বিতর্কের ছায়া:

সাম্প্রতিক পাহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের খেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এমনকি হরভজন সিংয়ের মতো কিংবদন্তিরা লেজেন্ডস লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বারণ করেছিলেন। তবে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতিদের মতে, তৃতীয় কোনও দেশে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলতে অসুবিধা নেই। কিন্তু ২২ গজের লড়াই এবারও সীমান্তের উত্তাপ বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।