উত্তর কলকাতায় ‘শো-স্টপার’ এই পুজো! মহা সপ্তমী থেকে অষ্টমী, এই ভিড় সামলাতে কী ব্যবস্থা নিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার?

দুর্গাপূজা মানেই যেন বিতর্ক আর রেকর্ডের এক অদ্ভুত সহাবস্থান। আর সেই তালিকায় এবার নাম লেখাল উত্তর কলকাতার জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। সব বিতর্ক দূরে ঠেলে মহাসপ্তমীর রাতে এই পুজো মণ্ডপে ভিড়ের এক নতুন রেকর্ড তৈরি হলো।

পুজোর সাধারণ সম্পাদক সজল ঘোষ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাতারে কাতারে মানুষ ভিড় করে সন্তোষ মিত্র স্কোয়ারের জমকালো থিম এবং আলোকসজ্জা উপভোগ করছেন। জনসমুদ্রের সেই ছবি দেখে অনেকেই অবাক।

মহাসপ্তমী থেকে অষ্টমী, বাড়ছে ভিড়ের আশঙ্কা
পুজোর আগে নানা কারণে এই মণ্ডপ আলোচনায় এসেছিল, কিন্তু মহাসপ্তমীর রাতে সেই আলোচনা ছাপিয়ে গেল জনতার উন্মাদনা। ভিড়ের কারণে মণ্ডপের আশপাশের এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়।

মণ্ডপ কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশঙ্কা, মহা অষ্টমীর রাতে এই ভিড় আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। ভিড় সামাল দিতে এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পুজো দেখার ব্যবস্থা করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাঁশের ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য।

উত্তর কলকাতার এই বিগ বাজেট পুজোটি আবারও প্রমাণ করল, বিতর্ক যাই থাকুক না কেন, উৎসবের দিনে দর্শনার্থীদের কাছে থিম এবং আলোর আকর্ষণই শেষ কথা।