‘রাহুল অশান্তি করলে বুকে গুলি লাগবে’, টিভি বিতর্কে মন্তব্য কেরল বিজেপি নেতার! সরাসরি অমিত শাহকে চিঠি কংগ্রেসের!

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রকাশ্য টিভিতে ‘গুলি করার’ নিদান দেওয়ায় কেরল বিজেপি মুখপাত্র পিন্টু মহাদেবের বিরুদ্ধে মামলা দায়ের করল কেরল পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের তরফে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বিজেপি নেতার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

টিভিতে বিতর্ক: কী বলেছিলেন বিজেপি নেতা?
ঘটনার সূত্রপাত ২৬ সেপ্টেম্বর। বাংলাদেশ এবং নেপালে বিক্ষোভ নিয়ে একটি বেসরকারি চ্যানেলের বিতর্কে অংশ নিয়েছিলেন পিন্টু মহাদেব। মালায়ালাম ভাষায় তিনি বলেন, “বাংলাদেশের বিক্ষোভের ক্ষেত্রে জনগণ সরকারের সঙ্গে ছিল না। কিন্তু ভারতের জনগণ নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে রয়েছে। অতএব, রাহুল গান্ধি অশান্তি করার স্বপ্ন দেখলে তাঁর বুকে গুলি এসে লাগবে।”

কেরল কংগ্রেসের সম্পাদক শ্রীকুমার সিসি-এর অভিযোগের ভিত্তিতে পেরমঙ্গলম পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের ক্ষোভ: ‘ঠান্ডা, পরিকল্পিত হুমকি’
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এই মন্তব্যের ভিডিও ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন। তিনি লেখেন, “রাজনৈতিক মতবিরোধের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। কিন্তু বিজেপি নেতারা টিভির অনুষ্ঠান থেকে সরাসরি বিরোধীদের খুনের হুমকি দিচ্ছেন।” তিনি মনে করেন, আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে রাহুল গান্ধীর তীব্র লড়াই বিজেপিকে বিচলিত করেছে।

কংগ্রেসের মতে, ওই বিজেপি নেতা সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং এটি ‘ঠান্ডা, পরিকল্পিত এবং ভয়াবহ’ খুনের হুমকি। হাত শিবিরের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তোলা হয়েছে, “বিজেপি কি ভয় দেখানো, হিংসা এমনকী মৃত্যুর হুমকি দেওয়ার রাজনীতিকে সমর্থন করে? এই মন্তব্য আদতে আইনের শাসন এবং সংবিধানের উপর সরাসরি আক্রমণ।”

অমিত শাহকে লেখা চিঠিতে কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছে যে, পিন্টু মহাদেবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এই ধরনের হুমকি দেওয়াকে সরকার কার্যত মান্যতা দেবে। কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের পদের সঙ্গে সুবিচার করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।