বিশ্বাসযোগ্যতার প্রশ্ন? সরাসরি নয়, এবার ‘টার্গেট আসন’-এ ঘুরপথে খেলোয়াড়-প্রভাবশালী মুসলিম প্রার্থী দেবে বিজেপি!

যখন গোটা বঙ্গ দুর্গাপূজার উৎসবে মেতে, তখন আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে ব্যস্ত বিজেপি নেতারা। এবার নবান্ন দখলে মরিয়া গেরুয়া শিবিরের প্রধান মাথাব্যথার কারণ রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্ক। ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধে সেই দলই শেষ হাসি হাসবে, যার ঝুলিতে যাবে মুসলিম ভোট।
কট্টর হিন্দু দলের তকমা, তাই অন্য রণকৌশল
বিজেপিকে সাধারণত ‘কট্টর হিন্দুদের দল’ হিসেবেই দেখা হয়, আর সেই কারণেই মুসলিম ভোট পেতে রাজ্য বিজেপির নেতাদের বেগ পেতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে এবার তাই সম্পূর্ণ অন্য এক রণকৌশল তৈরি করছে বিজেপি।
বিজেপি সূত্রের খবর অনুযায়ী, এবার সরাসরি মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে ঝুঁকি নিতে চাইছে না দল। কারণ, মুসলিম প্রার্থী দিলেই যে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়বে, সেই নিশ্চয়তা নেই, পাশাপাশি রয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।
ঘুর পথে মুসলিম প্রার্থী? লক্ষ্মীপুজোর পর কাজ শুরু
বিজেপি এই কারণেই ‘ঘুর পথে’ মুসলিম প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছে। বিজেপি সূত্রের খবর, এই কারণে বিজেপি নির্দল বা প্রতীকহীন প্রার্থী দাঁড় করাতে পারে।
কারা হতে পারেন সেই প্রার্থী? দলের পরিকল্পনা অনুযায়ী, সমাজে প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, খেলোয়াড় অথবা ধর্মীয় বিষয়ে জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের নির্দল প্রার্থী হিসেবে ব্যবহার করা হতে পারে।
বিজেপির টার্গেট কোন আসনগুলি?
বিজেপি সূত্রের খবর, তাদের মূল টার্গেট হলো সেই আসনগুলি, যেখানে তারা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে মাত্র ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে হেরেছিল। এই কেন্দ্রগুলিতেই নির্দল বা প্রতীকহীন মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ভাগ বসানো হতে পারে।
ইতিমধ্যেই বিজেপি নেতারা সংশ্লিষ্ট আসনগুলি সম্পর্কে গোপনে খোঁজ খবর নিতে শুরু করেছেন। তবে এই বিষয়ে মূল কাজ শুরু হবে কোজাগরী লক্ষ্মী পুজোর পরই, বলে জানিয়েছে বিজেপির একটি সূত্র।