সপ্তমীর সকালে বোলপুরে বাস দুর্ঘটনা, খারাপ রাস্তায় গর্তে উল্টে মৃত ১ শিশু, আশঙ্কাজনক ১২ জন

শারদোৎসবের আনন্দের মাঝেই সপ্তমীর সকালে বোলপুরের সিয়ানে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। খারাপ রাস্তায় থাকা গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশুর। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

আহতদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কীর্ণাহার থেকে বোলপুরের দিকে আসছিল। স্থানীয়দের অভিযোগ, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে ও বেপরোয়া ভাবে যাচ্ছিল।

সিয়ান হাসপাতালের কাছে বাসের সামনে থাকা একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে বিপত্তি ঘটে। টোটোকে সাইড দিতে গেলেই বাসের চাকা রাস্তার একটি বড় গর্তে পড়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান জমিতে উল্টে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধারে হাত লাগান।

পুজোর মুখে একাধিক দুর্ঘটনা:
পূজার আগে ও পূজার সময় রাজ্যজুড়ে এটি একা ঘটনা নয়। সম্প্রতি:

কিছুদিন আগে নদিয়ার তেহট্টে কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, তাতে ১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটে।

এর আগে পুজো শুরুর মুখে চন্দননগরে পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৩ জন।

বোলপুরের এই মর্মান্তিক ঘটনা আবারও পূজার সময় রাস্তায় গাড়ির বেপরোয়া গতি এবং রাস্তার বেহাল দশার দিকে প্রশ্ন তুলে দিল।