‘এক নম্বর দল বলে ভয় নেই’, ভারতকে হারানোর কৌশল নিয়ে মুখ খুললেন বাংলাদেশের কোচ

এশিয়া কাপের সুপার ফোরে নামার আগে ভারতীয় ক্রিকেট দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। ক্রিকেট বিশেষজ্ঞরা যখন ভারতীয় দলকে অপ্রতিরোধ্য ভাবছেন, তখন সিমন্স মনে করেন, যেকোনো দলই নির্দিষ্ট দিনে ভারতকে হারাতে পারে।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার আগে সিমন্স বলেন, “ম্যাচটা দিনের দিন খেলা হয়। ভারত এর আগে কী করেছে সেটা বিবেচ্য হবে না। বুধবার কে কেমন খেলবে সেটাই আসল।”
ভারতীয় দলের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা
সিমন্স মনে করেন, ভারতের মতো এক নম্বর দলের বিরুদ্ধে খেললে উত্তেজনা থাকবেই। তবে তার দল এই উত্তেজনাকে উপভোগ করতে চায়। তিনি বলেন, “আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভারতীয় দলের দুর্বলতা কাজে লাগাতে পারব। আমরা এভাবেই ম্যাচ জিতি।”
উইকেট ও ম্যাচের কৌশল
দুবাইয়ের পিচ নিয়ে সিমন্স জানান যে, এখানে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত উইকেট। ৪০ ওভারের মধ্যে পিচে তেমন কোনো পরিবর্তন তিনি দেখেননি, তাই টস ম্যাচের ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।
টানা ম্যাচ খেলার চ্যালেঞ্জ প্রসঙ্গে সিমন্স বলেন, “ব্যাক টু ব্যাক টি-২০ এবং একদিনের ম্যাচ খেলা কঠিন। তবে আমরা প্রস্তুত। আমরা কঠোর পরিশ্রম করেছি, এবং ছেলেরা ফিট আছে।” সমালোচকদের কোনো তোয়াক্কা না করে তিনি তার দলের ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “যতক্ষণ আমি, দলের অধিনায়ক এবং বাকি স্টাফরা নিজেদের কাজ নিয়ে আত্মবিশ্বাসী, ততদিন বাকি কোনো কিছুর জায়গা নেই।”
বুধ রাতে দুবাইয়ে অঘটন ঘটিয়ে ভারতকে হারিয়ে চমক দিতে মরিয়া বাংলাদেশ।