ক্লাব দখল ঘিরে ধুন্ধুমার, মারামারিতে আহত উভয়পক্ষের অন্তত ১০ জন, গ্রেফতার ৪!

ক্লাবের জায়গা দখলকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রামে, যেখানে দীর্ঘদিন ধরে একটি ক্লাব রয়েছে। অভিযোগ উঠেছে, সম্প্রতি ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি ক্লাব সংলগ্ন কিছু জায়গা কিনে ক্লাবটিকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। ক্লাব সদস্যদের দাবি, ভোলানাথ তাদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন।

মঙ্গলবার বিকেলে ভোলানাথ ও তার অনুগামীরা জোর করে ক্লাবের জায়গা দখল করতে গেলে ক্লাবের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা তাদের বাধা দেন। এর ফলে দু’পক্ষের মধ্যে তীব্র মারামারি শুরু হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং এই ঘটনায় ৪ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে। এলাকার মানুষ এখন আতঙ্কে রয়েছেন, এবং তারা আশা করছেন পুলিশ দ্রুত এই সমস্যার সমাধান করবে।