সরকারি টাকায় উপহার নয়! কড়া নির্দেশিকা কেন্দ্রের, উৎসবের খরচে লাগাম টানছে মোদি সরকার।

কেন্দ্রীয় সরকারি দফতর, মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে উৎসবের সময় উপহার বাবদ খরচ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের ব্যয় বিষয়ক দফতর (Department of Expenditure) এই নির্দেশিকা জারি করেছে। এর লক্ষ্য হলো আর্থিক অনুশাসন বজায় রাখা এবং উৎসবের সময়, বিশেষত দীপাবলিতে, অপ্রয়োজনীয় খরচ কমানো।
এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং জনগনের অর্থের বিচক্ষণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, “ভারত সরকারের কোনও মন্ত্রক বা দফতর দিওয়ালি এবং অন্যান্য উৎসবের জন্য উপহার এবং সংশ্লিষ্ট বাবদ কোনও খরচ করতে পারবে না।” এই নির্দেশে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব পিকে সিং। সমস্ত মন্ত্রক ও বিভাগের সচিব এবং আর্থিক উপদেষ্টাদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।
শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি X (পূর্বে Twitter)-এ লিখেছেন, “কেন্দ্রীয় সরকারি দফতর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে উৎসবের উপহার বাবদ এই ধরনের খরচ বন্ধ করার জন্য আমি অর্থমন্ত্রকের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি।” তিনি আরও বলেন, “এত দিন ধরে রাজনীতিবিদ এবং আমলাদেরই সবচেয়ে বেশি সুবিধা হয়েছে করদাতাদের টাকায় হওয়া এই ধরনের খরচ থেকে। আমি রাজ্য সরকারগুলোকেও এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।”