এনকাউন্টারে খতম দুই মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা, ৮০ লাখ টাকার পুরস্কার ছিল মাথায়!

ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই শীর্ষ মাওবাদী নেতা, যাদের প্রত্যেকের মাথার ওপর ৪০ লাখ টাকা করে পুরস্কার ছিল। পুলিশ সূত্র সোমবার এই খবর জানিয়েছে। নিহতরা হলেন রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি (৬৩) এবং কোসা দাদা ওরফে কাদারি সত্যনারায়ণ রেড্ডি (৬৭), উভয়ই নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অপারেশনকে ‘বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও এই সাফল্যকে ছত্তিশগড়ের নকশাল বিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে বর্ণনা করেছেন। পুলিশ সুপার রবিনসন গুরিয়া জানান, মহারাষ্ট্র সংলগ্ন অভুজমাড় জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানোর সময় এই এনকাউন্টার শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে দুই মাওবাদী নেতার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল, একটি বিজিএল এবং প্রচুর বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রাজু দাদা এবং কোসা দাদা উভয়েই তেলঙ্গানার করিমনগরের বাসিন্দা এবং তিন দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলের নকশাল কার্যকলাপে জড়িত ছিলেন। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, এই বছর এখনও পর্যন্ত মোট ২৪৯ জন নকশাল নেতা-কর্মী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে।