প্রবাসে এবার উত্তম ঝড়! লন্ডনে দুর্গা পূজায় থাকছে মহানায়ককে শ্রদ্ধা জানানোর বিশেষ আয়োজন

মহানায়ক উত্তম কুমারের প্রাক-জন্মশতবর্ষ উদযাপনের এই বিশেষ বছরে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব উদ্যোগ নিল লন্ডন। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও মাতিনি আইডল উত্তম কুমারকে সম্মান জানানো হচ্ছে। আসন্ন দুর্গাপূজায় লন্ডনের ‘শারদ উৎসব’ সেজে উঠছে মহানায়ক অভিনীত ছবির পোস্টার দিয়ে, যার নামকরণ করা হয়েছে ‘ওয়াল অফ ফেম’। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন এই ব্যতিক্রমী আয়োজনের দায়িত্বে রয়েছে।

বাঙালিদের কাছে উত্তম কুমার শুধুই একজন অভিনেতা নন, তিনি এক আবেগ। তাই বিদেশেও তাঁকে স্মরণ করে নেওয়া হচ্ছে এই পূজোর মরসুমে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান — সর্বত্রই মিশে থাকবে উত্তম কুমার। থাকবে ‘গানে গানে উত্তম স্মরণ’-এর বিশেষ আয়োজন।

লন্ডন শারদ উৎসবের বিশেষ আকর্ষণ
এ বছর ১৭ বছরে পা দিল ‘লন্ডন শারদ উৎসব’। এই আয়োজন বিদেশের বুকে বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন (বিএইচএফ) এবং লন্ডন শারদ উৎসবের সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় জানান, “এই বছর আমাদের উৎসব ইউরোপের অন্যতম বৃহৎ এবং প্রাণবন্ত উদযাপন হতে চলেছে। আমরা দুর্গা পূজার জাঁকজমককে লন্ডনের কেন্দ্রে নিয়ে এসেছি। এই উৎসবে বাংলার ঐতিহ্য এমনভাবে মিশে থাকবে, যা এর আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।”

এবারের পূজোর মূল আকর্ষণ চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা। গানার্সবারি পার্ক স্পোর্টস হাব-এর দশ হাজার বর্গফুটের ইনডোর স্পেসে থাকছে এই আলোর জাদু। ১০০ ফুটের দেওয়াল জুড়ে ঝলমল করবে চন্দননগরের আলো। সঙ্গে থাকছে বকুলতলার মতো করে সাজানো বিশাল ফুড কোর্ট, যেখানে মিলবে কলকাতার স্ট্রিট ফুড, দিল্লির চাট, ইন্দো-চাইনিজ খাবার এবং অবশ্যই রসগোল্লা, জিলিপি ও পানের মতো বাঙালি মিষ্টি।

কলকাতার পুরোহিতের তত্ত্বাবধানে দুর্গাপূজার সমস্ত রীতি-নীতি পালন করা হবে— নবপত্রিকা স্নান, পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা, কুমারী পূজা, হোম, চণ্ডীপাঠ এবং সিঁদুর খেলা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ প্রকাশনা
সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানা ধরনের অনুষ্ঠান। শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনের গানের অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা, ধুনুচি নাচ এবং গানের লড়াইয়ের মতো আকর্ষণীয় ইভেন্ট। এছাড়াও প্রকাশিত হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশেষ পত্রিকা ‘শারদীয়া পার্বণী’। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গানার্সবারি পার্ক স্পোর্টস হাবে এই উৎসব চলবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।