কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ব্যাগ থেকে কার্তুজ উদ্ধার!

কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ ব্যাগ থেকে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যাত্রীর নাম খোকন, যিনি বজবজের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় স্ক্যানারে তার ব্যাগে কার্তুজ ধরা পড়ে।

এরপরই সিআইএসএফ (CISF) তাকে আটক করে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (NSCBI) থানার হাতে তুলে দেয়। তার ব্যাগ থেকে একটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লাইসেন্স থাকার দাবি, তদন্তে পুলিশ
আটকের পর খোকন দাবি করেছেন যে, তার কাছে বৈধ অস্ত্রের লাইসেন্স আছে। যদি তিনি লাইসেন্স দেখাতে পারেন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশ তার দাবির সত্যতা যাচাই করছে।

উল্লেখ্য, গত মাসেও কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। তিনি ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার দুটি পাসপোর্ট—একটি ভারতীয় এবং একটি বাংলাদেশি—আলাদা নামে থাকার বিষয়টি ধরা পড়েছিল।