মহালয়াতে তর্পণ করে কাদের স্মরণ করলেন শমীক ভট্টাচার্য? রাজনৈতিক ভাষ্যে তুললেন নতুন প্রশ্ন

আজ মহালয়া, আর এই পুণ্যদিনে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করতে বাবুঘাট, বাগবাজার সহ বিভিন্ন ঘাটে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। এই ভিড়ের মধ্যেই বাগবাজার ঘাটে তর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুধু ব্যক্তিগত পিতৃপুরুষদের নয়, বরং দলের ‘শহীদ’ কর্মীদেরও স্মরণ করেন। তিনি বলেন, “এটা শুধু পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে। যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন… আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি। আমাদের যত শহীদ হয়েছেন গত ১০ বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত ২৮৭। তাঁদের কথাও স্মরণ করলাম আজকে।”
আগামী নির্বাচন রক্তক্ষয়ী হবে কিনা, এই প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য রাজ্যের ভোট সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলার মানুষেরই সবসময় সেই প্রার্থনা করা উচিত। যে ভ্রাতৃহত্যার মধ্য দিয়ে পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি।” তিনি বিহার ও উত্তরপ্রদেশের উদাহরণ টেনে বলেন, একসময় যেখানে রাজনৈতিক সংঘাত ছিল, সেই রাজ্যগুলোও এখন সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে।
তিনি আরও বলেন, বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে এই সংঘাত ও হানাহানি বন্ধ হওয়া দরকার। তাঁর এই মন্তব্য মহালয়ার মতো একটি পবিত্র দিনেও বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।