মোদি ফিরতেই ফের রক্তাক্ত মণিপুর! জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান, আহত ৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের ঠিক এক সপ্তাহের মধ্যেই আবারও রক্তাক্ত হলো উত্তর-পূর্বের এই রাজ্যটি। গত শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় জঙ্গি হামলায় অসম রাইফেলসের দুই জওয়ান শহিদ হয়েছেন। এই অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন জওয়ান।

ঘটনার পর দ্রুত ওই এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এবং পাহাড় ও জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার পেছনে মায়ানমার সীমান্ত পেরিয়ে আসা কুকি জঙ্গিরা জড়িত থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, অসম রাইফেলসের ৩৩ নম্বর ইউনিটের একটি মিনি ট্রাক রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা নাগাদ নাম্বোল সবাল লেইকাই এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ওপর জঙ্গিরা অতর্কিতে গাড়িটিতে হামলা চালায়।

যে এলাকায় এই হামলা হয়েছে, সেখান থেকে সম্প্রতি ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (আফস্পা) প্রত্যাহার করা হয়েছিল। প্রসঙ্গত, গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই একই জাতীয় সড়ক দিয়ে কনভয় নিয়ে গিয়েছিলেন। এর এক সপ্তাহ পরই এই হামলা ঘটে।

এখনও পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্স হ্যান্ডেলে তিনি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আরও বলেন, “এই ধরনের কাপুরুষোচিত হামলা সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে।”

২০২৩ সাল থেকে মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। দীর্ঘ বিতর্কের পর গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মণিপুরে গিয়েছিলেন। তিনি চূড়াচাঁদপুরের জনসভায় হিংসা ভুলে শান্তি ও উন্নয়নের আহ্বান জানিয়েছিলেন। মোদি বলেছিলেন, কেন্দ্র রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রীর সফরের পরপরই এই হামলার ঘটনা তার শান্তির বার্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।