‘কয়েক লাখ নয়, ২৭ লক্ষ টাকা উধাও’, অনলাইনে জুয়ার ফাঁদে পড়ে সব হারালেন বীরভূমের যুবক

অনলাইন গেমের নেশায় পড়ে কয়েক লক্ষ নয়, একেবারে ২৭ লক্ষ টাকা খুইয়েছেন বীরভূমের সদাইপুর থানার তাপাসপুর গ্রামের বাসিন্দা হরিচরণ গড়াই। তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদার সংস্থার কর্মী। সামান্য লাভের লোভে জীবনের সব সঞ্চয় খুইয়ে এখন মাথায় হাত।

হরিচরণ তার ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “মোবাইলে একটি রেফারেল লিঙ্ক আসে, যেখানে মোটা অঙ্কের লাভের লোভ দেখানো হয়েছিল। প্রথমে খেলে কিছু টাকা পাই। তার পর আরও লাভের আশায় স্থায়ী আমানত-সহ যাবতীয় সঞ্চয় বিনিয়োগ করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত সব হারালাম।”

প্রতারণার শিকার হরিচরণ
বারবার হারার পর হরিচরণ যখন বিনিয়োগের টাকা তুলতে যান, তখন গেমিং অ্যাপের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয় যে, কয়েক দিনের মধ্যেই টাকা ফেরত আসবে। কিন্তু সেই টাকা আর ফেরেনি।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে হরিচরণ সদাইপুর থানায় জেনারেল ডায়েরি করেন এবং কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট সাইবার অপরাধ দমন পোর্টালেও অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশের সাইবার থানা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। হরিচরণের কথায়, “কেন্দ্রীয় সরকার বেআইনি জুয়ার অ্যাপ নিয়ে কড়া অবস্থান জানানোয় আগস্ট মাসে আমার ভুল ভাঙে। কিন্তু ততদিনে সব শেষ।”

হরিচরণের এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে, অনলাইন গেম ও জুয়ার ফাঁদ কতটা ভয়াবহ হতে পারে। সামান্য লোভের নেশায় মুহূর্তের মধ্যে জীবনের সব সঞ্চয় উধাও হয়ে যেতে পারে।