ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলার, ১৩ জন মৎস্যজীবীকে আটক করল উপকূল রক্ষী বাহিনী

কাকদ্বীপের গভীর সমুদ্রে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হলেন ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী। ভারতীয় জলসীমানায় ঢুকে বেআইনিভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়।
বুধবার সকালে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা ‘মায়ের দয়া’ নামের একটি বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে মাছ ধরতে দেখেন। এরপরই ট্রলারটির মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাদের কাছে থাকা বাংলাদেশের নথিপত্র দেখে ট্রলারটিকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। ট্রলারটিতে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন।
পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না
প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে দেখতে পেয়েই ওই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই উপকূল রক্ষী বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপর জিজ্ঞাসাবাদের পর ১৩ জনকেই আটক করা হয়। এদিন সন্ধ্যায় আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রয়েছেন।