পুজোয় ঘুড়ি ওড়ানোর আগে সাবধান! রেলের তারে লাগলেই বিপদ, হতে পারে বড় দুর্ঘটনা

বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ানোর উন্মাদনা তুঙ্গে ওঠে। কিন্তু রেলওয়ে ওভারহেড লাইনের আশেপাশে অসতর্কভাবে ঘুড়ি ওড়ানো থেকে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এই বিপদ সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তি জারি করেছে রেল।
রেল কর্তৃপক্ষের মতে, নাইলনের সুতো বা অন্য কোনও ধাতব সুতো বিদ্যুতের তারের সঙ্গে সামান্য স্পর্শ পেলেও বড় ধরনের বিপদ ঘটাতে পারে। রেলওয়ের ২৫ কেভি বিদ্যুতায়িত ওভারহেড ইলেকট্রিক ইকুইপমেন্ট (OHE)-এর কাছে ঘুড়ি ওড়ানো অত্যন্ত বিপজ্জনক।
রেল জানিয়েছে, ঘুড়ি বা তারের সংস্পর্শে এলে OHE ট্রিপ করতে পারে, যার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। সবচেয়ে বড় বিপদ হল বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বৈদ্যুতিক আঘাতের ঝুঁকি। শুকনো অবস্থায়ও এই তার বিপজ্জনক, কিন্তু আর্দ্র আবহাওয়ায় এর বিপদ আরও বহুগুণ বেড়ে যায়। বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ির সুতো যদি কেউ ভুলবশত স্পর্শ করে, তাহলে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
পূর্ব রেলওয়ে সকল শ্রেণির মানুষের কাছে আবেদন জানিয়েছে, রেললাইন থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে ঘুড়ি ওড়াতে। এটি শুধুমাত্র ট্রেন চলাচলকে নির্বিঘ্ন রাখবে না, পাশাপাশি মানুষের জীবনও রক্ষা করবে। তাই বিশ্বকর্মা পুজোর আনন্দ উপভোগ করার পাশাপাশি রেলের সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।