‘আপনাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবন ভারতকে শীর্ষে নিয়ে যাচ্ছে’, ইঞ্জিনিয়ার্স ডে-তে প্রকৌশলীদের শ্রদ্ধা অমিত শাহের

সোমবার সারা দেশে পালিত হল ‘ইঞ্জিনিয়ার্স ডে’। এই বিশেষ দিনে দেশের প্রকৌশলীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স (পূর্বে টুইটার) বার্তায় তিনি দেশের ইঞ্জিনিয়ারদের অবদানকে সম্মান জানিয়েছেন এবং তাদের দূরদর্শিতা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছেন।
অমিত শাহের বার্তা
অমিত শাহ তার বার্তায় লিখেছেন, “ইঞ্জিনিয়ার্স ডে-তে দেশের সব প্রকৌশলীকে শুভেচ্ছা। আপনাদের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং নিষ্ঠা ভারতকে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির শিখরে নিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “ভারতরত্ন এম. বিশ্বেশ্বরায়া-র জয়ন্তীতে, আমি সেই কিংবদন্তি প্রকৌশলীকে প্রণাম জানাই যিনি আমাদের এই রূপান্তরের পথে এগিয়ে নিয়ে গেছেন।”
কে ছিলেন স্যার এম. বিশ্বেশ্বরায়া?
স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়া-র জন্মদিনকে সম্মান জানাতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ভারতে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত হয়। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং তানজানিয়াতেও এই দিনে প্রকৌশল দিবস পালিত হয়।
স্যার বিশ্বেশ্বরায়া ছিলেন একজন কিংবদন্তি প্রকৌশলী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। ১৮৬০ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই মানুষটি ১৯১২ থেকে ১৯১৯ সাল পর্যন্ত মহীশূর প্রদেশের ১৯তম দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পুনের তৎকালীন সর্বোত্তম এবং এশিয়ার তৃতীয় প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিগ্রি লাভ করেন। জনসেবায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধি দিয়েছিল এবং ১৯৫৫ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করে। তার নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাভাবনা আধুনিক ভারতের প্রযুক্তিগত বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।