নিয়োগ দুর্নীতিতে বড় খবর, এবার কি জেল থেকে ছাড়া পাবেন পার্থ চট্টোপাধ্যায়? জল্পনা তুঙ্গে!

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তাঁর বিরুদ্ধে থাকা শেষ মামলাটিরও শুনানি কলকাতা হাইকোর্টে শেষ হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার রায় সংরক্ষিত রাখা হয়েছে। এই মামলায় জামিন পেলে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেতে পারেন বলে মনে করছেন অনেকে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের পুজোর আগে থেকে পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। প্রথমে কেন্দ্রীয় সংস্থা ইডি তাকে গ্রেফতার করেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির দায়ের করা মামলায় তিনি জামিন পান।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই-এর একাধিক মামলা থেকেও পার্থ জামিন পেয়েছেন। চলতি মাসের শুরুতে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাকে সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। এখন শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাটি বাকি রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, এই মামলাতেও জামিন পেয়ে গেলে তার মক্কেল জেল থেকে বের হতে পারবেন। তবে এখনো রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণা হলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। উল্লেখ্য, এই মামলায় গত ২৭ ডিসেম্বর সিবিআই চার্জশিট পেশ করেছিল, যেখানে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়-সহ অনেকের নাম ছিল। এই মামলার রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ এবং প্রচুর পরিমাণে সোনাদানা উদ্ধার করেছিল। সব মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এই মামলার রায় কী হয়, এখন সেদিকেই সবার নজর।